সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার খেলোয়াড় হিসেবে অনেকবার বাংলাদেশ সফরে এসেছেন। অবসর নিয়ে ফেলার পর এই ক্রিকেটীয় কিংবদন্তী আজ প্রথমবারের মতো ঢাকায় পা রাখতে যাচ্ছেন সমাজসেবামূলক কার্যক্রম ও একটি ক্লাবের অনুষ্ঠান উপলক্ষে।
টেন্ডুলকারের এবার ঢাকা সফরটা মূলত ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ ক্লাবের কর্ণধার লুত্ফর রহমান বাদলের আমন্ত্রণে। নতুন নামে আবির্ভূত হতে যাওয়া এই ক্লাবটির লোগো ও নতুন জার্সি উন্মোচন করাটাই সফরের মূল উদ্দেশ্য। তবে পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোনো একটি স্কুলের বাচ্চাদের সঙ্গে পরিচ্ছন্নতা বিষয়ক একটি সচেতনতামূলক কাজে অংশ নেয়ার কথা আছে তার।
বাদল গত বছর গাজী ট্যাংক ক্রিকেটার্সের মালিকানা কিনে নিয়েছেন। কেনার পরপরই সেই ক্লাবের নাম বদল করে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ রাখার আবেদন করেন। সেই আবেদন অবশেষে বিসিবি তার সর্বশেষ সভায় অনুমোদন করেছে। তার ফলেই ক্লাবের লোগো ও নতুন জার্সি উন্মোচনের জন্য বন্ধু শচীন টেন্ডুলকারকে আনার উদ্যোগ নিয়েছেন তিনি।
সব ঠিক থাকলে আজ সকালেই ঢাকা পৌঁছাবেন শচীন টেন্ডুলকার। অবশ্য নিরাপত্তাসহ নানা কারণেই তার পৌঁছানোর সময়টা প্রকাশ করা হয়নি। ঢাকায় পৌঁছানোর পরপরই সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান রওনা হয়ে যাবেন রূপগঞ্জের উদ্দেশ্যে। সেখানে একটি স্কুলের বাচ্চাদের সচেতন করার কার্যক্রমে অংশ নেবেন। এরপর ঢাকায় ফিরে আসবেন।
ঢাকাতেই একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে লোগো ও জার্সি উন্মোচন পর্ব। আর এই পর্ব শেষ করেই আবার দেশে রওনা দেবেন শচীন। চলমান ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে একটি দলের মালিক টেন্ডুলকার একদিনের বেশি টুর্নামেন্ট রেখে দেশের বাইরে থাকার সময় আর বের করতে পারেননি।