ভর্তি পরীক্ষা যথাসময়ে হবে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৮ সেপ্টেম্বর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ আট নেতা-কর্মীকে আটকের ঘটনার জের ধরে শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে সব ধরনের প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হবে।