কক্সবাজারের টেকনাফে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনি আলম প্রকাশ মইন্যা (২৮) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়ায় এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই মাশরুরুল হক, কনস্টেবল বেলাল ও আজিজ।
পুলিশ জানিয়েছে, পুলিশ হোয়াইক্যংয়ের কাঞ্জরপাড়া এলাকায় অভিযানে গেলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরার্থে পাল্টা গুলি চালালে মনি আলম গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মনি আলমকে আটক করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল একটি দেশিয় কাটা রাইফেল, তিনটি লম্বা দা, দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, আটক মনি আলমের বিরুদ্ধে থানায় ডজন খানেক মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।