ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেয়ে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) থেকে বেশি অর্থ পান দেশটির সাবেক দুই খেলোয়াড় সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী। এই তথ্যটি একটি ইংলিশ ডেইলি প্রকাশ করে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চুক্তি অনুযায়ী বিসিসিআই’র ধারাভাষ্যকর হিসেবে বছরে ২ কোটি রুপি করে পেতেন গাভাস্কার ও শাস্ত্রী। অর্থাৎ মোট ৪ কোটি রুপি। এবার সেটি বেড়ে হয়েছে ৬ কোটি রুপি।
১ কোটি রুপি করে বেড়ে যাবার কারণ হিসেবে রিপোর্টে বলা হয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অপারেশনের প্রধানের দায়িত্ব পেয়েছেন গাভাস্কার। তাই তার আয়ও বেড়ে গেছে। আর ভারতীয় ক্রিকেটের ডিরেক্টর হওয়ায় ১ কোটি বেড়েছে শাস্ত্রীর। আর বিসিসিআই’র কাছ থেকে বছরে আড়াই কোটির রুপির (২.৫৯) বেশি অর্থ পেয়ে থাকেন ধোনি।
কিছুদিন আগে অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস প্রকাশ করেছিলো, প্রাইজমানি এবং এনডোর্সমেন্ট মিলিয়ে বছরে আয়ের হিসেবে বিশ্ব ক্রীড়াবিদদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় দলপতি ধোনি। সেই তালিকায় ধোনির আয় দেখানো হয় ২ কোটি ডলার। খবর বাসসের।