ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়া মামলার তদন্তে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চার চেয়ারম্যানসহ ১১ জনকে আবার তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৯ অক্টোবর দুদকে হাজির হতে তাদের নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকালে দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় সংশ্লিষ্টদের ঠিকানায় নোটিশ পাঠিয়েছেন। তলবকৃতদের মধ্যে রয়েছেন- জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুল বারী খান, এ টি এম আতাউর রহমান, আবদুল খালেক, আবু সাঈদ, সাবেক সচিব আমিনুর রহমান, সিনিয়র সহকারী সচিব বেনজামিন হায়দার, যুগ্ম সচিব যুবায়ের আহমেদ সিদ্দিক, পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, উপ-পরিচালক আবদুল কাইয়ুম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদ এবং সাবেক নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম।
দুদকের তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় বলেন, এর আগে এদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হলেও তারা দুদকে না আসায় আবার তলব করা হয়েছে। দুদকের এ নোটিশেও তারা সাড়া না দিলে কমিশন তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
দুদক সূত্রে জানা গেছে, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়। ওই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয় প্রতিমন্ত্রী আলমগীর কবির ছাড়া মামলার বাকি আসামিরা হলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমান।