সুজনের গোলটেবিল বৈঠকে বক্তারা

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর আইন দরকার

 
দেশের বর্তমান শিক্ষার হালচাল ব্যাপক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এ বিষয়ে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন করতে হবে এবং তা যথাযথ প্রয়োগের ব্যবস্থা করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শিক্ষার বর্তমান হালচাল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকের আয়োজক সুসাশনের জন্য নাগরিক (সুজন)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার।
সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য বিচারপতি কাজী এমদাদুল হক, বুয়েটের সাবেক উপাচার্য ড. আব্দুল মতিন চৌধুরী, শিক্ষাবিদ শরীফা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এন আই খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, চিত্রনায়ক ও সুজন সদস্য ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
মূল প্রবন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থা, শিক্ষাখাতে বরাদ্দ, ভর্তির হার বাড়লেও কমছে না ঝরে পড়ার হার, শিক্ষকদের অপ্রতুল বেতন ভাতা এবং টিউশন ও কোচিং বাণিজ্য, শিক্ষক রাজনীতি ও আদর্শনিষ্ঠায় ক্রমাবনতি, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির নেতিবাচক প্রভাব, শিক্ষানীতি, শিক্ষা আন্দোলন ও পণ্যে রূপান্তরিত শিক্ষা, নিয়োগ বাণিজ্য ও শিক্ষার রাজনীতিকরণ, জাতীয় শিক্ষানীতি ২০১০ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রবন্ধ পাঠ শেষে শিক্ষাবার্তা সম্পাদক শিক্ষাবিদ কে এম রাশেদা ধনী ও গরিব সন্তানদের এক স্কুলে পড়াশোনা করার সুযোগ দেয়ার প্রস্তাব করেন। এছাড়া প্রবন্ধে বর্তমান শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়।