লাখ টাকা মুক্তিপণের দাবিতে রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অপহরণ করে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকের এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অপহূতকে উদ্ধার এবং ৫ অপহরণকারীকে আটক করেছে। এরা হলেন, নগরীর সপুরা এলাকার শফিকুল ইসলামের ছেলে সোয়ান উদ্দীন, মজিবুর রহমানের ছেলে আসাদুর রহমান, রেজাউল করিমের ছেলে ইমরান হোসেন, নগরীর সাহেব বাজার এলাকার সেলিম শেখের ছেলে ফয়সাল ইবনে সেলিম এবং শাহমখদুম থানা এলাকার ইমরান হুদার ছেলে গালিব আওয়াল।
এদিকে উদ্ধারকৃত ছাত্রের পা ভাঙা অবস্থায় পুলিশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। ওই ছাত্রের নাম শাহরিয়ার হোসেন। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির (ইউআইটিএস) ছাত্র। তার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানার আব্দুল্লাহপুরে। তিনি নগরীর সাহেব বাজার এলাকায় মোল্লা ছাত্রাবাসে থাকেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুস সোবহান জানান, অধরা নামের একটি মেয়ে ফোন করে শাহরিয়ারকে মুক্ত লজের কাছে ডাকে। এ সময় ওত্ পেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মুক্ত লজের চার তলায় নিয়ে যায় এবং একটি কক্ষে আটকে রেখে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে রাজি না হলে তাকে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। আটককৃতরা অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারধরের কথা স্বীকার করেছে বলে জানান ওসি।