লিওনেল মেসি, হিগুয়েইন ও গাইতানের জোড়া গোলের সুবাদে দুর্বল হংকংকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে মার্টিনোর দল।
মঙ্গলবার হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথম একাদশে ছিলেন না মেসি। তবে বদলি হিসেবে নেমেই ব্যক্তিগত খাতায় দুটি গোল যোগ করেছেন তিনি। গোল পেতে আর্জেন্টিনার অপেক্ষা করতে হয় ১৯ মিনিট পর্যন্ত। আর্জেন্টিনার একটি আক্রমণ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ডি বক্সের মধ্যে তা পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন ডিফেন্ডার লি। বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বানেগা।
IMG0
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে ডিফেন্ডার লিওনেল ভানগিওনির ক্রস থেকে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন হিগুয়াইন। এর দুই মিনিট পরেই গাইতানের দারুণ এক শটে ব্যবধান ৩-০ করে আর্জেন্টিনা। ডি বক্সের মধ্যে বল পেয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেনফিকার এই মিডফিল্ডার।
ম্যাচের ৫৪তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন নাপোলির খেলোয়াড় হিগুয়াইন। মাঝ মাঠের কাছ থেকে বানেগার দেয়া লম্বা পাস পেয়ে দ্রুত গতিতে ডি বক্সের মধ্যে ঢুকে গাইতান বল বাড়ান হিগুয়াইনকে। ওখান থেকে অনায়াসে গোলরক্ষককে পরাস্ত করেন হিগুয়াইন। অবশেষে ৬০তম মিনিটে হাভিয়ের পাস্তোরের বদলে মাঠে নামেন মেসি। মাঠে নামার ছয় মিনিটের মাথায় গোল করেন বার্সেলোনার এই তারকা। ৭২তম মিনিটে আবারো গোল। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৬-০ করেন গাইতান। ডি বক্সের ডান দিক থেকে হিগুয়াইনের সঙ্গে বল দেয়া নেয়া করে গোলমুখে ছুটে আসা গাইতানকে পাস দেন মেসি। ওখান থেকে বল জালে পাঠাতে আলতো একটা টোকার দরকার ছিল, ব্যর্থ হননি গাইতান। ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ডি বক্সের মধ্যে আড়াআড়িভাবে বাঁ দিকে দৌড়ে তিন জন খেলোয়াড়কে এড়িয়ে, দুই জনের মধ্যে দিয়ে বল জালে পাঠান টানা চারবারের বর্ষসেরা মেসি।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে হ্যাটট্রিকও হতে পারতো মেসির। কিন্তু গোলমুখে ঠিকমতো শট নিতে পারেননি তিনি।