নিজেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি সদস্য পরিচয় দিয়ে চট্টগ্রাম আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ১৯ মিনিটে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মানস কুমার দাসের মোবাইলে এ হুমকি দেয়া হয়। হুমকির বিষয়ে অভিযোগ পাওয়ার পর আদালত এলাকার নিরাপত্তা জোরদার করে পুলিশ। বোমা হামলার হুমকি সত্ত্বেও আদালতের কার্যক্রম স্বাভাবিক ছিল। পুলিশ জানায়, হুমকিদাতা প্রথমে ওই আইনজীবীর মোবাইলে একটি মেসেজ পাঠান। এতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে কিছুক্ষণ পর সরাসরি ফোন করে হুমকি দেয়া হয়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হুমকি দিয়ে বলা হয়, আজ আমাদের সুইসাইড স্কোয়াড আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেবে বলেই ফোন রেখে দেন। এরপর ওই নম্বরে বার বার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
অ্যাডভোকেট মানস কুমার দাস জানান, সকাল ৯টা ১৯ মিনিটে ফোনটি পাই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক ব্যক্তি আমাকে বলে, সুইসাইড স্কোয়াড আজ আদালত ভবনে বোমা হামলা চালাবে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ জানান, হুমকির বিষয়টি জানার পর আদালত এলাকায় অতিরিক্ত ছয় প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।