বাড়ি দখল করতে না পেরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক খায়রুল আলম টুটুল ও তার স্ত্রী পুলিশের এডিশনাল এএসপি সালমা বেগমের পরিকল্পনায় গায়েন্দা পুলিশ (ডিবি) সম্প্রতি মেজবা উদ্দিন তারেককে পিটিয়ে হত্যা করেছে। পরবর্তীতে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন নিহত তারেকের বাবা আবু জাফর সিকদার। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে তারেকের মা জয়নব বেগম, দুই ভাই আবু দাউদ তৌকির ও শিহাব উদ্দিন তানজিল এবং ফুফা ডা. সানাউল্লাহ নূরী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আবু জাফর সিকদার জানান, গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে কদমতলীর দনিয়ার ৭৮৮ নম্বর বাড়ি থেকে তার সামনে ছেলে তারেককে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। বাড়ির সামনের রাস্তায় তাকে বেদম মারপিট করে। পরে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য সবুজবাগ এলাকায় নিয়ে কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তারেককে গুলি করে হত্যার পর লাশ ফেলে দেয়।