মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় হত্যা

বরিশালের গৌরনদী উপজেলায় সোমবার খাদেম সরদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খাদেম সরদার উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত ও মুমূর্ষু অবস্থায় তাঁর ছোট ছেলে আসলাম সরদারকেও (২৫) বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেজো ছেলে শাহ আলম সরদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সোমবার রাতে নন্দনপট্টি বায়তুল আকসা জামে মসজিদে এশার নামাজ আদায় করে খাদেম সরদার ও আসলাম নিজ বাড়িতে ফিরছিলেন। মসজিদ থেকে কিছু দূর যাওয়ার পর ওত পেতে থাকা নান্নু মৃধা ও তাঁর ভাই সেন্টু মৃধা তাঁদের সহযোগীসহ ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপায়। এতে খাদেম ঘটনাস্থলেই নিহত ও আসলাম গুরুতর আহত হন।
নন্দনপট্টি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, কয়েক মাস আগে শাহ আলম একটি মাদক মামলায় নান্নু ও সেন্টুর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন। এ ঘটনার জের ধরে খাদেমের পরিবারের সঙ্গে ওই দুই ভাইয়ের বিরোধ চলছিল।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নান্নু ও সেন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় এ হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।