ভুয়া বিজ্ঞাপন দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালত দুই ডেন্টাল ক্লিনিক মালিককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সনদ না থাকলেও নিজেকে দাঁতের চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে এক নারীকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে এসব শাস্তি দেওয়া হয়। ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ জানান, উপজেলার বড়চওনা ডেন্টাল ক্লিনিকের মালিক রফিকুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং মা ডেন্টাল ক্লিনিকের মালিক আবু হানিফকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বড়চওনা ডেন্টাল ক্লিনিকে ভুয়া চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে সারা সুস্মিতা সুমিকে (২২) নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।