রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে বুধবার ভোরে আগুনে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানিসহ স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন।
বাজার ব্যবসায়ী ও স্থানীয় লোকজনসহ লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১৩টি স্বর্ণের দোকান, ১৭টি মুদি দোকান, ৬টি কাপড়ের দোকান ও ৪টি সেলুন দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মধ্যে বাজারের উত্তর পাশের একটি ফল দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হায়দরগঞ্জ ব্যবসায়ীরা জানান, গত ৮-৯ বছরে শুধু হায়দরগঞ্জ বাজারে ১৫ হতে ২০টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। যার মোট ক্ষয়-ক্ষতির পরিমান ৩০ কোটি টাকার উপর। রায়পুর উপজেলায় অদ্যাবধি ফায়র সার্ভিস ষ্টেশন প্রতিষ্ঠিত হয়নি। লক্ষ্মীুপুর সদর ফায়ার ষ্টেশন হতে ফায়ার সার্ভিসের কর্মীরা হায়রদগঞ্জে আসতে ৩ ঘন্টার মত সময় লেগে যায়। এ সময়ের মধ্যে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। উপজেলা সদরে ফায়ার সার্ভিস ষ্টেশন প্রতিষ্ঠিত করা হলে হায়দগঞ্জ বাজারসহ উপজেলার অন্যস্থানে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে।