রাজধানীর ভাসানটেক থানার ওসি হোসনে আরাকে বুধবার ভিকটিম সাপোর্ট সেন্টারে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেয়া হয়েছে কমদতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদকে।
মামাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার ভাসানটেক এলাকায় বখাটেদের প্রহারে নিহত হন নাসিরউদ্দিন নামের এক যুবক। আর বখাটেদের বিরুদ্ধে তাত্ক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা এবং হত্যাকারীদের সঙ্গে সখ্যর অভিযোগে ভাসানটেক পুলিশ ফাঁড়ির ১৯ জন সদস্যকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে প্রত্যাহার করা হয় ভাসানটেক থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম নবীকে।
মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ জানিয়েছেন, নতুন ওসি দায়িত্ব গ্রহণ করেছেন। সাময়িকভাবে বরখাস্ত হওয়া পুলিশের ১৯ সদস্যের বিরুদ্ধে অভিযাগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জসিমউদ্দিনের নেতৃত্ব গঠিত এ কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।