সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে দেশের প্রধান মহাসড়কগুলোর দুর্ঘটনাপ্রবণ স্পটগুলো ঝুঁকিমুক্ত করার জন্য ১৬৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের গৃহিত এই প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে।
মন্ত্রী বুধবার সোয়ারিঘাট-গাবতলী সড়কের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একনেক সভায় ১৪৪টি স্পট ঝুঁকিমুক্ত করতে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। শীঘ্রই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঝুঁকিপ্রবণ এ সকল স্পটের সরলীকরণ,প্রশস্তকরণ ও ডিভাইডার স্থাপনের কাজ শুরু হবে।
তিনি বলেন,ইতিপূর্বে বুয়েটের সমীক্ষায় সারাদেশে ২০৯টি দুর্ঘটনাপ্রবণ স্পট চিহ্নিত করা হয়েছিল। এর বাইরে আরও ২৬টি স্পট মন্ত্রণালয় চিহ্নিত করে।
ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়কে ২৭টি দুর্ঘটনাপ্রবণ বাঁক ইতোমধ্যে ঝুঁকিমুক্ত করার কাজ শেষ হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের আওতায় আরও কিছু স্পট ঝুঁকিমুক্ত করার কাজ এগিয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় সড়ক ও জনপথ (সওজ)অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন, ঢাকা সড়ক বিভাগের নির্বাহি প্রকৌশলী আতাউর রহমানসহ সওজ এরসড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এখানে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১১ কি.মি. দীর্ঘ সোয়ারিঘাট-গাবতলী সড়কের ৮ কি.মি. সড়ক প্রশস্তকরণ ও সংস্কারেরকাজ এগিয়ে চলছে। আগামী নভেম্বর মাসে এ কাজ শেষ হবার কথা রয়েছে।