রেলমন্ত্রীর মুজিবুল হকের অবিবাহিত জীবনের অবসান হচ্ছে। তার গায়ে হলুদ ও বিয়ের দিন নির্ধারিত হয়েছে ৩১ অক্টোবর। আর বউভাত অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। বৌভাতের কার্ড বিতরণ শুরু করেছে মন্ত্রীর পরিবার। বিয়ের কার্ডে বউভাতের তারিখ উল্লেখ করা হলেও বিয়ের তারিখ জানানো হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষ দিনে গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার তারিখ নির্ধারিত হয়েছে।
মন্ত্রীর তিন ভাই মো. আবদুর রশিদ, মো. আব্দুল মতিন এবং এবিএম আবদুল লতিফের শুভেচ্ছাসহ বৌভাতের আমন্ত্রণ কার্ড ছাপানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘পরম করুণাময় আল্লাহতায়ালার অশেষ রহমতে আসছে ১৪ই নভেম্বর ২০১৪ইং রোজ শুক্রবার সন্ধ্যা সাত টায় আমাদের কনিষ্ঠ ভ্রাতা মো. মুজিবুল হক মুজিব-এর বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত বৌভাত অনুষ্ঠানে আপনার/আপনাদের উপস্থিতি ও দোয়া আন্তরিকভাবে কামনা করছি।’
বউ ভাতের কার্ডে বরের পরিচিতি- মো. মুজিবুল হক মুজিব, পিতা মরহুম রজ্জব আলী, মাতা মরহুমা সোনাবান বিবি, ঠিকানা- গ্রাম- বসুয়ারা, ডাকঘর- উত্তর পদুয়া, উপজেলা- চৌদ্দগ্রাম, জেলা কুমিল্লা এবং কনের পরিচিতি- হনুফা আক্তার রিক্তা, পিতা মরহুম হাবিব উল্লা মুন্সি, মাতা জোসনা বেগম, ঠিকানা- গ্রাম- মিরাখলা, ডাকঘর- গল্লাই, উপজেলা- চান্দিনা, জেলা- কুমিল্লা উল্লেখ করা হয়েছে।
আইনজীবী ও রাজনীতিবিদ মুজিবুল হকের জন্ম ১৯৪৭ সালে। এ পর্যন্ত তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে এসেছেন তিনি।