‌ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিএনপির জন্মগত স্বভাব: ড. হাছান মাহমুদ

 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,  সাম্প্রদায়িকতা ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিএনপির জন্মগত স্বভাব। পক্ষান্তরে আওয়ামী লীগের নীতিমালার অন্যতম হলো ধর্মনিরপেক্ষতা। দেশে বসবাসরত সকল ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সমভাবে ধর্ম পালনের নিশ্চয়তা দান করা। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  একথা বলেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিথ্যাচারে প্রভাবিত ও প্ররোচিত না হওয়ার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আহবান জানান।
গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শুভ বিজয়া’ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেয়া বেগম জিয়ার দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানকে সংশোধন করে ধর্মীয় সংখ্যালঘু ও নৃ-জাতি গোষ্ঠীকে দ্বিতীয় শ্রেনীর নাগরিকে পরিনত করেছিল।
হাছান বলেন, দেশের সর্বোচ্চ আদালত ৫ম সংশোধনী বাতিল করায় বেগম খালেদা জিয়া ও তার নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মুখে ছাই পড়েছে।তাই তারা বিভিন্ন সময়ে উদ্ভট তথ্য আবিষ্কার করে জনমনে বিভ্রান্তি তৈরির পায়তারা করে থাকে।
হাছান বলেন, দেশের জনগন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তারা কোন অবস্থাতেই দেশকে সাম্প্রদায়িক সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত হতে দেবে না।
তিনি বলেন, মিথ্যাচার বিএনপির রাজনৈতিক বৈশিষ্ট্য হলেও অতি সম্প্রতি তা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। বিএনপির উচিত মিথ্যার ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে দ্বিমুখিতা পরিত্যাগ করে গণতান্ত্রিক রাজনীতির চর্চার প্রতি আন্তরিক হওয়ার এখনও সময় আছে।
তিনি বলেন, ‘ আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আমাদের আহবান থাকবে খালেদা জিয়ার মিথ্যাচারে আপনারা প্রভাবিত ও প্ররোচিত হবেন না।’
হাছান বলেন, ‘ আপনাদের নিরাপত্তা ও ধর্ম পালনের সম অধিকার নিশ্চিত করতে সরকার যা যা করার দরকার তার সবকিছুই করবে। সাহস হারাবেন না, দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ অতীতের মতো ভবিষ্যতেও সর্বশক্তি নিয়ে আপনাদের পাশে দাড়াবে।
সংবাদ সম্মেলনে তিনি ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আওয়ামী লীগের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন।