পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের মাথা, পেট, দুই হাত ও এক পায়ের পাতা ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিতরে একই দলের কতিপয় সদস্যরা তাকে এভাবে পিটিয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনিক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর ছেলে। এই ঘটনায় রাহেল, সাব্বির ও সাজ্জাদ নামে ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশ আটক করেছে।
অনিকের পিতা আক্তারুজ্জামান ফুলু ও প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, দুপুর দেড়টার দিকে মটরসাইকেলে অনিক কলেজে গেলে প্রতিপক্ষ ৪/৫টি মোটরসাইকেলযোগে পিছু পিছু গিয়ে হামলা চালিয়ে আহত করে। কলেজের সিসিটিভিতে দেখা যায় প্রধান ফটক দিয়ে অনিক কলেজে ঢোকার ৩/৪ মিনিট পর আক্রমণকারীরাও একই পথে আসে। এরপর একজন মোবাইল ফোনধারী ফটক আটকিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায়, আক্রমণকারীদের সংখ্যা ছিল ২০/২৫জন। এদের মধ্যে ছাত্রলীগের জেলা, কলেজ, পৌর ও ওয়ার্ড শাখার সাবেক ও বর্তমান কয়েকজন নেতা-কর্মী রয়েছে। অনিকের মাথায় আঘাত গুরুতর হওয়ায় সিটিস্ক্যান করার জন্য আজ রবিবার সন্ধ্যায় এ্যাম্বুলেন্সযোগে খুলনায় পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ সাতক্ষীরা শ্যামনগরে ইঞ্জিনভ্যান উল্টে এক স্কুলছাত্র নিহত
অনিকের পিতা আক্তারুজ্জামান জানান, এই ঘটনায় জড়িতের বিরুদ্ধের থানায় মামলার প্রস্তুতি চলছে। অনভিপ্রেত ঘটনা এড়াতে সদর হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/নূহু