স্ত্রীর মামলায় শিক্ষা কর্মকর্তা শ্রীঘরে

 
বাগেরহাটের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারকে (৫০) তার স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার বিকালে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে পুলিশ ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
গত ১১ অক্টোবর ঢাকার হাজারীবাগ থানায় শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদারের স্ত্রী জাহানারা বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। বিকালে পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠিয়েছে।
তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ঝাটরা গ্রামের প্রয়াত সয়িজুদ্দিন তালুকদারের ছেলে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার ৩০/৩ মনেশ্বর রোডের একটি বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। বর্তমানে তিনি বাগেরহাটের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম মুঠোফোনে বলেন, শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার সম্প্রতি যৌতুকের জন্য তার স্ত্রী জাহানারা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। গত ১১ অক্টোবর ঢাকার হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় সেলিমের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলায় মামলার ওয়ারেন্ট পাঠালে  পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২-১ দিনের মধ্যে তাকে বাগেরহাটের জেলা কারাগার থেকে ঢাকার হাজারীবাগ থানায় পঠানো হবে।