রাজশাহীতে প্রধান বিচারপতি

পুরাতন মামলা দ্রুত শেষ করার তাগিদ

 
রাজশাহীর আদালতে বিচারাধীন পুরাতন মামলাগুলো দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান বিচারপ্রতি মোজাম্মেল হোসেন।
বুধবার দুপুরে রাজশাহীর আদালতে বিচারিক কাজ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এসময় প্রধান বিচারপতি রাজশাহী বার ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় আইনজীবীরা আদালতে বিচারক সংকটের বিষয়টি তুলে ধরেন।
এসময় প্রধান বিচারপতি বলেন, আমাদের সম্পদ সীমিত, এ সীমিত সম্পদের মধ্যে দিয়ে ধীরে ধীরে এসব সংকট নিরসণের চেষ্টা করা হচ্ছে। এ জন্য কিছুটা ধৈর্যধারণ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থায় একটি বড় সমস্যা। একটি মামলা বার বার রিভিশনের জন্য পাঠানো কারণে মামলা জট অনেক বৃদ্ধি পাচ্ছে। এটা দূর করতে হবে।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে বিচারক হোসেন শহীদ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ইউএনডিপির জুডিসিয়াল স্ট্রেন্থিং প্রজেক্টের প্রকল্প পরিচালক এস এম কুদ্দুস জামান, রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহম্মেদ, রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী, রাজশাহী বার অ্যাসোসিয়েসনের সভাপতি মোজ্জাম্মেল হক।