নয়াপল্টনে পদবঞ্চিতদের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

 



ছাত্রদলের নবঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে পদবঞ্চিত কিছু নেতাকর্মী। এ সময় পুলিশ ধাওয়া দিলে বিক্ষুব্ধরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- হাফেজ নাজির হোসেন, তৌহিদ মোল্লা ও বাকি বিল্লাহ।
উল্লেখ্য, বিক্ষোভ, বিবাদের পর মঙ্গলবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রাজিব আহসান এবং সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন আকরামুল হাসান।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোরশেদ জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।