মির্জাপুরে ৪ খুন

হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মহিলা পরিষদের সমাবেশ

মির্জাপুরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মা-মেয়েসহ চারজনকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবিতে গতকাল বুধবার প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি, জেলা মহিলা পরিষদ, মির্জাপুর উপজেলা মহিলা পরিষদ এবং লিগাল এইড উপ পরিষদ কেন্দ্রীয় কমিটি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সকাল সাড়ে দশটায় উপজেলার দক্ষিণ সোহাগপাড়া গ্রামে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জেলা মহিলা পরিষদের সভাপতি সামসুন্নাহার বেগম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু, লিগাল এইড কেন্দ্রীয় উপ-পরিষদের পরিচালক এ্যাডভোকেট মাকসুদা আক্তার, জেলা মহিলা পরিষদের সভাপতি সামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, খালেদা বেগম সীমা, আফিফা বেগম শিফা, জনা গোস্বামী, রামলাল রাহা, দীপ্তি সিকদার, রহিমা বেগম, সালমা সালাম উর্মি, আবুল কাশেম, মোঃ আশরাফ খান ও নিহত হাসনার পিতা আলাল উদ্দিন প্রমুখ।

আয়শা খানম বলেন, নারী সমাজের কোন নিরাপত্তা নেই। মির্জাপুরের দক্ষিণ সোহাগপাড়া গ্রামের নিরীহ চার নারীর হত্যাকারীদের ক্ষমার কোন সুযোগ নেই। অপরদিকে দুপুরে মহিলা পরিষদ এবং লিগাল এইড উপ-পরিষদ কেন্দ্রীয় কমিটির মহিলা নেত্রীরা টাঙ্গাইল প্রেসক্লাব ও মির্জাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।