স্বামীকে হত্যার পর থানায় ফোন

রাজধানীর কল্যাণপুরে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে স্বামীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে প্রথম স্ত্রী। গতকাল বুধবার রাতে হত্যার পর স্ত্রী নিজেই পুলিশকে খবর দেয়। ঘটনার পর পুলিশ গিয়ে নিহত স্বামী সালাউদ্দিনের (৩৫) লাশ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সালাউদ্দিন তার স্ত্রী ও দুই সন্তানসহ কল্যাণপুরের ৩ নম্বর একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি কল্যাণপুর মার্কটে মুরগির ব্যবসা করতেন বলে জানা গেছে।
মিরপুর থানার ওসি সালাহউদ্দিন বলেন, নিহতের স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ওয়ারড্রোবের ভেতরে ঢুকিয়ে রাখে।
নিহতের স্ত্রী লাবণী পুলিশকে জানায়, বছর খানেক আগে তার স্বামী না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। তাদের চার ও এক বছরের দুইটি সন্তান রয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ হয়। এক পর্যায়ে তিনি কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেন। তবে পুলিশ বলেছে, দ্বিতীয় বিয়ে নিয়ে লাবণীর বাবা সেলিম ও লাবণীর মামারা পারিবারিক সালিশের জন্য বাসায় আসেন। পরে তাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। লাবণীকে পুলিশ গ্রেফতার করেছে।