পরীক্ষায় পাস নম্বর বাড়ানোর উদ্যোগ

পাবলিক পরীক্ষাগুলোদে পাস নম্বর বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে নতুন পাস নম্বর চূড়ান্ত করা হবে।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বলেন, কোনো দেশে পাস নম্বর ৩৩ নেই। শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে পাস নম্বর বাড়ানো হবে। পরীক্ষায় বর্তমানে ১০০ এর মধ্যে পাস নম্বর ৩৩। তবে নম্বর বাড়িয়ে কত করা হবে এ বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষা সচিব বলেন, পাসের হার বেড়েছে, জিপিএ-৫ বাড়ছে। আমাদের স্ট্যান্ডার্ড আর একটু বাড়ানো দরকার। শিক্ষা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন ১০০ জন ছেলে- মেয়ের মধ্যে ৯৮ জন স্কুলে ভর্তি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফল বিপর্যয়ের পর পাসের হারের বিষয়টি সমপ্রতি নতুন করে আলোচনায় আসে।