আরব আমিরাতকে তারেক রহমানের চিঠি




সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা খুলে দেয়া ও বাংলাদেশ থেকে আগামী দিনগুলিতে আরো শ্রমিক নিয়োগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আব্দুল রহমান আল জারমানের কাছে প্রেরিত একটি চিঠিতে এ আহ্বান জানান তারেক রহমান।
তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সম্প্রতি লন্ডনে ইউএই’র প্রিন্স শেখ মোহাম্মাদ বিন মাখতুম আল মাখতুমের সাথে অনুষ্ঠিত বৈঠকের ফলশ্রুতিতে এ চিঠি প্রেরণ করা হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিকুল ফজল আনসারী। তিনি জানান, চিঠিটি সরাসরি আরব আমিরাতের পররাষ্ট্র দফতরে প্রেরণ করা হয়েছে এবং এর একটি অনুলিপি ঢাকাস্থ আরব আমিরাতের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেছেন চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
জিয়াউর রহমানের সময়কালীন আরব আমিরাতের সাথে বাংলাদেশের সুসম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমান চিঠিতে বলেন, আমিরাত ও বাংলাদেশ দুটি ভ্রাতৃপ্রতিম দেশ। এই দুটি মুসলিম দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালীন থেকেই। এই সম্পর্কের বন্ধন দৃঢ় ও মজবুত করে তোলার জন্য তিনি বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিয়োগের উদাত্ত আহবান জানান।