ইবোলা ঠেকাতে সতর্কতা জারি: স্বাস্থ্যমন্ত্রী

 
ইবোলা নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। বিমান বন্দরে বিদেশ থেকে আগত সকল যাত্রীর যে কোনো পরীক্ষার জন্য শীঘ্রই থার্মস্ক্যানার বসানো হবে। তিনি আরো বলেন, ইবোলা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উন্নত দেশে ইবোলার সংক্রমণ ঘটলেও বাংলাদেশের চিকিত্সকেরা ইবোলা সংক্রমণ রোধে সফল হবেন।
বৃহস্পতিবার ১৬৮তম অ্যানেসথেসিয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ১৬৮তম অ্যানেসথেসিয়া দিবসের উদ্বোধন করেন।
সকল চিকিত্সকদের নিয়ে এক সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমার কোনো দল নেই। যারা ভালো চিকিত্সক আমি তাঁদের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। জঙ্গিদমনে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নেতৃবৃন্দ এই কথা স্বীকার করেছেন। জঙ্গি দমন করতে হলে বাংলাদেশকে অনুসরণ করতে হবে।
বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস অধ্যাপক এ বি এম মাকসুদুল আলমের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বক্তব্য রাখেন।