ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীকে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। এতে বলা হয়, আগামী তিন বছরের জন্য মোয়াজ্জেম আলীকে হাই কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তিনি তারিক এ করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। কর্মজীবনে তিনি ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়া দিল্লি মিশনেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০০১ সালে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর অবসরে যান পেশাদার এই কূটনীতিক।
এদিকে ইংরেজি দৈনিক নিউ এজের সিটি এডিটর (ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স) শামীম আহমদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পৃথকভাবে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্য সব প্রতিষ্ঠানের কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।