ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দেশে নির্ধারিত সময়-সীমার আগে কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচিত সরকারকে হঠাতে হলে নির্বাচনের মাধ্যমেই হঠাতে হবে। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে হঠানো যাবে না। দেশে জোর-জবরদস্তির মাধ্যমে অতীতেও কেউ ক্ষমতায় আসতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
শনিবার সকালে রাজধানীর ক্রীড়া পরিষদ ভবন মিলনায়তনে শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। এজন্য তাকে হত্যার লক্ষ্যে ১৯ বার হামলা চালানো হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জম্মগ্রহণ করেন। আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।