বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) না পাওয়া দুর্ভাগ্যজনক। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এমসিসিআইয়ের প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ও নানা পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের তেমন কোনো রিজার্ভ ছিল না। রপ্তানি হতো মাত্র কয়েকটি পণ্য। খাদ্য উত্পাদনেও বড় ধরনের ঘাটতি ছিল। এখন রিজার্ভ ২২ বিলিয়নের বেশি। রপ্তানি পণ্যের পরিমাণ ও বাজার অনেক বিস্তৃত হয়েছে। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারের মতো। এ সবই সম্ভব হয়েছে বেসরকারি খাতের উদ্যোক্তাদের কারণে। এমসিসিআই সবচেয়ে অভিজ্ঞ ও প্রাচীন চেম্বার হিসেবে এ উন্নয়নে সরাসরি কাজ করেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ ৫ থেকে ৬ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। উদ্বৃত্ত খাদ্য উত্পাদনে সক্ষম হয়েছে। এর মূল কারণ হলো— সম্পদের দক্ষ বণ্টন নিশ্চিত করে দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। আর এ ক্ষেত্রে বেসরকারি খাতের অবদান সবচেয়ে বেশি। তিনি আরো বলেন, এমসিসিআই সব সময়ই দেশের অর্থনীতিতে নানাভাবে অবদান রাখছে। সরকারের নীতি নির্ধারণেও পরামর্শ দিয়ে সহায়তা করছে এমসিসিআই।