জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িক মৌলবাদ ও জঙ্গীবাদ চক্রের সমর্থক বিএনপি চক্রকে রাজনীতিেেত এক চুলও ছাড় দেয়া যাবে না।
তিনি শনিবার জাতীয় সমাজতান্ত্রিক (জাসদ) দলের বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে জাতীয় কমিটির এক সভায় দলের ভবিষ্যত দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি দেশ ও জাতির বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত। তারা দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও গণতন্ত্রের বিরুদ্ধে জঙ্গীবাদ চক্রকে নিয়ে যে সংবিধান বিরোধী কাজ করছে তার জন্যে দেশবাসীর কাছে ভুল স্বীকার করে কোন ক্ষমা চায়নি। তাই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে যারা রাজনৈতিক সংলাপের কথা সমর্থন করেন তারা বাংলাদেশের জনগণের মঙ্গল চায় না।
তিনি বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে নতুন জীবন দান করতে একটি বিশেষ চক্র সংলাপের পক্ষে যারা কথা বলছেন তারা মূলত দেশবিরোধী যুদ্ধাপরাধী জামাত ও মৌলবাদীদের দোসর।
তথ্যমন্ত্রী যুদ্ধাপরাধী, জঙ্গীবাদ, ধর্মান্ধ মৌলবাদ ও লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় নেতাদের উদ্দেশে বলেন, আমাদেরকে বিএনপি চক্রের অপকর্ম ও দেশ বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। বিএনপি জামাত-শিবির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গ ত্যাগ করতে পারেনি। এই চক্রকে সাথে নিয়ে তারা ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে দেশে যে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, বিএনপি চক্রের হাত থেকে দেশের মানুষকে রক্ষায় জন্য সরকারের পাশাপাশি সমাজের সচেতন মহলকেও এগিয়ে আসতে আমাদেরকে মহাজোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সংসদকে আরো কার্যকরী ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা সংসদের স্থায়ী কমিটির মুক্ত অধিবেশন করার ব্যবস্থা দাবি জানাবো।
সভায় দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরিণ আখতার এমপি, নাজমুল হক প্রধান এমপি, ইকবাল হোসেন খান, মো: খালেদ,আব্দুল হাই তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে দলের প্রয়াত নেতাদের প্রতি শোক প্রস্তাব গ্রহণ ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জাতীয় কমিটির সদস্যরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভবিষ্যত আলোচনায় অংশ গ্রহণ করেন।