হংকংয়ের মংকক জেলায় গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ২৬ বিক্ষোভকারীকে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে রোববার পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীরা এ ঘটনার জন্য পুলিশের উস্কানিমূলক হামলাকে দায়ী করেছে।
উভয়পক্ষের নেতারা সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা নিশ্চিত করেছেন, বিক্ষোভকারী নেতৃবৃন্দ ও সরকারি প্রতিনিধিদলের মধ্যে আগামী মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হবে।
পুলিশ শুক্রবার সকালে মংকক বিক্ষোভস্থল থেকে প্রতিবাদকারীদের হটিয়ে দেয়। কিন্তু কিছু বিক্ষোভকারী এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিলো। কিন্তু পরে মংককের ব্যস্ত সড়ক মোড় বিক্ষোভকারীরা পুনর্দখলের চেষ্টা করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। প্রায় নয় হাজার বিক্ষোভকারী পুলিশকে পিছু ধাওয়া করে। পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও পিপার স্প্রে করে।
এদিকে মংকং বিক্ষোভকারীদের পুনর্দখলে যাওয়া সত্ত্বেও সরকার ছাত্রদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, প্রকৃত গণতন্ত্রের দাবিতে হংকংয়ে বিক্ষোভকারীরা প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছে। বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ ও ছাত্র। এএফপি