ভারতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা



জর্ডান ও আরব আমিরাতকে সহজে উড়িয়ে দিলেও ভারতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা।

 

রবিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাইপর্বে 'বি' গ্রুপের খেলায় ২-১ গোলের জয় পেয়েছে ভারত। যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশই।

বাংলাদেশ ২০ মিনিটে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি। আট মিনিট পরই খেলায় সমতা ফেরায় ভারত। এরপর ৬৪ মিনিটে ২-১ ব্যবধান গড়ে নেয় তারা। ভারতের ফরোয়ার্ড সুস্মিতা বল পাওয়ার আগেই বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা পারভিন বলটা পা দিয়ে নামিয়ে আনেন। সুস্মিতা মাটিতে শুয়ে পড়লেন। অস্ট্রেলিয়ান রেফারি বাংলাদেশের মাসুরাকে লালকার্ড দিয়ে মাঠ থেকে বাইরে পাঠিয়ে দেন। ফ্রি কিক করলেন কাশমিনা। ভারতের বিরুদ্ধে দারুণ খেলতে থাকা গোলকিপার আয়শা বল রুখলেও তা বক্সের মধ্যেই পড়ে যায়। স্ট্রাইকার রোজা দেবী চোখের পলকে দৌড়ে এসে বুক দিয়ে ঠেলে বলটা জালে জড়িয়ে দেন। তার দ্বিতীয় গোলে জিতে যায় ভারত। প্রথম ম্যাচে ইরানের কাছে ২-১ গোলে হারা ভারত প্রথম জয় পেলো ‘বি’ গ্রুপের খেলায়। অপরদিকে বাংলাদেশ তৃতীয় ম্যাচের মাথায় পরাজয়ের স্বাদ পেল। ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত দেন রেফারির যার কড়া সমালোচনা করেন দর্শকরা।
গ্রুপ থেকে একটি দলই উঠবে বলে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতলে চূড়ান্ত পর্বে উঠার একটা সম্ভাবনা দেখা দিত। এখন ভারতের কাছে হেরে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। পয়েন্ট টেবিলে অনেক হিসাব আছে। ২৩ অক্টোবর বাংলাদেশের শেষ ম্যাচ  ইরানের বিরুদ্ধে। ইরানও লড়াইয়ে রয়েছে। আছে জর্ডান যারা প্রথম ম্যাচে ৮-১ গোলে হারায় আরব আমিরাতকে।