রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী জিএম জয়নাল আবেদীন ভূইয়া বলেছেন, নগরীর আবাসন সংকট নিরসনে পূর্বাচল প্রকল্পের সকল প্লট হস্তান্তর প্রক্রিয়া আগামী মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে । প্রতিটি প্লটে বাড়ি করার জন্য প্ল্যান দেয়া শুরু হবে আগামী বছরের শেষের দিকে অর্থাত্ ডিসেম্বর মাসে। পুর্বাচল হবে একটি অত্যাধুনিক শহর। এটাই হবে নতুন ঢাকা।
তিনি বলেন, প্রকল্প এলাকায় বিদ্যুত্ খুঁটি বসানো হয়েছে। শীতলক্ষ্যা নদী থেকে পানি উত্তোলন করে তা শোধনের মাধ্যমে সরবরাহ করা হবে আর ২০ নম্বর সেক্টরে পাওয়া গ্যাস সরবরাহ করা হবে এই প্রকল্প এলাকায়। এ লক্ষে সকল প্রস্তুতি এগিয়ে চলেছে। রবিবার রাজউকের সেমিনার কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলে।
ড্যাপ সম্পর্কে চেয়ারম্যান বলেন, ড্যাপ সংশোধনের জন্য এপর্যন্ত ২২ হাজার আবেদন জমা হয়েছে। প্রতিটি আবেদন খতিয়ে দেখা হচ্ছে। ড্যাপ নিয়ে ইতিমধ্যে ড্যাপ সংশোধন কমিটি কাজ করছে। ভুল-ত্রুটি সংশোধন করে ২০১৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত নতুন করে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) করার কাজ এগিয়ে চলেছে।
পূর্বাচল ৩০০ ফুট রাস্তা সম্পর্কে চেয়ারম্যান বলেন, ৩০০ফুট রাস্তা থাকবে । এই রাস্তাকে ৮ লেনে উন্নতি করা হবে। রাস্তার উভয় পাশে ১০০ফুট করে মোট ২০০ফুট খাল খনন করা হবে। এই খাল দিয়ে বৃষ্টি ও বন্যার পানি বয়ে যাবে ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সদস্য (উন্নয়ন ) নাঈম আহমেদ খান, সদস্য (প্লানিং) শেখ আবদুল মান্নান, পরিচালক(এস্টেট ও ভূমি) সৈয়দ নজরুর ইসলাম। উপস্থিত ছিলেন, রাজউকের সদস্য (এস্টেট) শামীম ইকবাল, সদস্য (প্রশাসন)ভবেশ চন্দ্র পোদ্দার প্রমুখ।