রাজধানীর রমনায় থানা এলাকায় ‘র্যাব সোর্স’ পরিচয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করতে গিয়ে জামাল আহমেদ নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় বাংলামোটরে এই ঘটনা ঘটে।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া বলেন, বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে সাদা পোশাকে প্রথমে র্যাব পরিচয়ে এক যাত্রীকে তল্লাশি শুরু করেন জামাল। আশপাশের লোকজনের সন্দেহ হলে তার পরিচয়পত্র দেখতে চায়। এ সময় তিনি নিজেকে ‘র্যাবের সোর্স’ হিসেবে পরিচয় দেন। তার এ অসংলগ্ন কথাবার্তায় বাস যাত্রীদের সন্দেহ বাড়ে। একপর্যায়ে যাত্রীরা তাকে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া জানান, জামালের বিস্তারিত নামপরিচয় জানার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।