ভাষানটেকে ভাইকে পিটিয়ে হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

রাজধানীর ভাষানটেকে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বাবুল (৪৫) ও আলতাফ(৩৯)। তাদের কাছ থেকে দুইটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।
রবিবার রাতে ভাষানটক এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গত ১০ অক্টোবর রাতে ভাষানটেকের গোলটেকে বখাটেরা নাসির উদ্দিনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটি তদন্তে আসামিদের পক্ষে পুলিশের অবস্থান নেয়ার অভিযোগে ভাষানটেক থানার ইনস্পেক্টর (তদন্ত) গোলাম নবী ও ভাষানটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমানসহ ১৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ভাষানটেক থানার ওসি হোসনে আরা বেগমকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে বদলি করা হয়।