পেনেলোপে রুপালি ঝলক

 রূপালি পর্দায় রূপালি ঝলক মানেই পেনেলোপে ক্রুজ। বাদামী চোখে মায়াবী চাহনি এই অভিনেত্রীর। আর টোল-পড়া গালে পাগল দর্শক হূদয়। তাই তো তিনিই একনম্বর আবেদনময়ী নারীর খেতাব পেলেন। পুরুষদের লাইফস্টাইল সাময়িকী এস্কুইয়ার তাকে এই স্বীকৃতি দিলো। সাময়িকীটির সম্পাদক গত ১৩ অক্টোবর এই ঘোষণা দেন। তালিকায় দুই নম্বরে নেমে গেছেন গতবারের শীর্ষস্থানে থাকা স্কারলেট জোহানসন। সম্প্রতি হলিউডের অন্য তারকাদের মধ্যে মার্কিন অভিনেত্রী মিলা কুনিস, গায়িকা রিয়ান্না, দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী শার্লিজ থেরনকে এই খেতাব দিয়েছে এস্কুইয়ার। উডি অ্যালেনের ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’য় অভিনয়ের সেরা সহ-অভিনেত্রী শাখায় অস্কার জেতেন মাদ্রিদে জন্ম নেয়া পেনেলোপে। এতে তাকে দেখা গেছে      আবেগপ্রবণ শিল্পীর ভূমিকায়। এস্কুইয়ার সাময়িকীকে ৪০ বছর বয়সী স্প্যানিশ এই অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নাটকীয় চরিত্রগুলো টানতো  না তাকে। তবে এখন এসব কাজই বেশি উপভোগ করেন তিনি।
 পেনেলোপে এখন অভিনয় করছেন স্প্যানিশ ভাষার ছবি মা মায়। এছাড়া তার হাতে আছে সাশা ব্যারন কোহেনের হাসির ছবি গ্রিমসবি। গতবছর মুক্তি পায় তার সর্বশেষ ছবি রিডলি স্কটের দ্য কাউন্সিলর। এতে তার সহশিল্পী ছিলেন স্বামী হাভিয়ার বারদেম। ২০০১ সালে ভ্যানিলা স্কাই (টম ক্রুজ) ও বো (জনি ডেপ) ছবির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পান এই অভিনেত্রী।
ম্যাগাজিনটিকে দেয়া এক সাক্ষাত্কারে ক্রুজ বলেন, কৈশোর ও যৌবনে নাটকীয়তার প্রতি আকৃষ্ট হলেও এখন আর ওসব ব্যাপারে আগ্রহ বোধ করেন না তিনি। ক্রুজ তিনবার গয়া অ্যাওয়ার্ড, দু’বার ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড, এবং ২০০৬ সালের কান চলচ্চিত্র উত্সবে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন। ২০০৯ সালে তিনি ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার জয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাফটা ও গয়া পুরস্কারও লাভ করেন। তিনি হচ্ছেন প্রথম স্পেনীয় অস্কার জয়ী নারী এবং ষষ্ঠ হিস্প্যানিক ব্যক্তি।