বিএনপির নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা থেমে নেই : হাছান মাহমুদ

 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে নিজেরা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়লেও দেশের বিরুদ্ধে বিএনপির নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা থেমে নেই। বিএনপি নিজেদের মধ্যে মারামারি করলেও তাদের দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধ হয়নি। বিএনপি বিষধর সাপ। যে কোনো সময় এই সাপ ফণা তুলতে পারে। নিজেরাই নিজেদের কার্যালয় অবরুদ্ধ করে রাখার মাধ্যমে বিএনপির রাজনৈতিক ও মানসিক দৈন্যের বহিঃপ্রকাশ ঘটেছে। 
হাছান মাহমুদ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ আয়োজিত ‘চলমান রাজনীতি-বর্তমান সরকারের সফলতা ও বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এম এ করিম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। 
‘ছাত্রদলে পদ পেয়েছে ছাত্ররা নয়, ছাত্রদের বাবারা’ এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ছাত্রদলে যারা নেতা হয়েছেন তারা ছাত্রের বাবা। খালেদা জিয়া ছাত্রের বাবাদের কাছে নেতৃত্ব দিয়েছেন। এর মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াতত্ব প্রমাণিত হয়েছে। 
তিনি বলেন, ছাত্রলীগে ২৯ বছরের উপরে গেলে নেতৃত্বে আসতে পারে না। অথচ ছাত্রদলে যারা এসেছে সবাই ৪০ বছরের উপরে। অধিকাংশই বিয়ে করেছেন, তারা সবাই ছাত্র নয় ছাত্রদের বাবা। যারা নিজেদের ছেলেদের সামলাতে পারে না তারা আবার দেশকে কীভাবে সামলাবে। 
হাছান মাহমুদ বলেন, রোববার বিএপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাদের ছাত্রদলের নেতারা অবরুদ্ধ করে রেখেছিল। এখনতো নিজেরা নিজেদের নেতাদের তালাবদ্ধ করে রেখেছে, আগামীতে সরকার পতনের আন্দোলনের নামে তারা যদি আবারো নৈরাজ্য করে তবে দেশের মানুষ তাদের ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখবে।