মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে দুদকের উপপরিচালক নাসির উদ্দীন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন।
অসত্ উদ্দেশ্যে সম্পদের তথ্য গোপন করায় দুদক আইন, ২০০৪ এর ২৬ ধারায় এবং জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জন করায় ওই আইনের ২৭(১)ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সৈয়দা হাসিনা সুলতানা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার মালিকানাধীন ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন।
অর্থ্যাত্ তিনি মোট ৫ কোটি ৩২ লাখ ৭ হাজার ৫৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এছাড়া দুদকের কাছে দাখিলকৃত সম্পদেও তিনি সম্পদের তথ্য গোপন করায় রেছেন।
দুদক সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে মান্নান খান স্ত্রীর পেশা ‘গৃহিণী’ উল্লেখ করলেও অন্যত্র স্ত্রী মাছের ব্যবসা করেন বলেও তথ্য দিয়েছেন। এছাড়া ইউরোপ ভ্রমণকালে তার স্ত্রী বিপুল পরিমাণ অর্থ উপহার হিসেবে পেয়েছেন বলেও দাবি করেন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে। এভাবে প্রায় সাড়ে ৩ কোটি টাকার যৌক্তিক কোনো উত্স দেখাতে পারেননি হাসিনা সুলতানা।
উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্ট একই অভিযোগে আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা করে দুদক।