ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি আবদুল্লাহ হিল মাহমুদ শিপলুর জামিন মঞ্জুরের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এ আদেশ দেন।
চলতি বছরের ২০মে একরামুলকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ফেনী মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলায় গত ২৫ মে শিপলুকে গ্রেফতার করা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে সরকার। ওই আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও শিপলুর পক্ষে আইনজীবী হাবিবুল ইসলাম ভুঁইয়া ও শেখ মোহাম্মদ মোরশেদ শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।