খোকাসহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা



নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে বোমা বিস্ফোরণ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলাটির চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি শেষে আদালত চার্জশিট আমলে নিয়ে খোকাসহ ৯ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অপর ১৪ আসামিকে তিনি মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অন্যান্য আসামিরা হলেন, তরিকুল ইসলাম ঝন্টু, শাহজালাল, হযরত আলী, মামুনুর রশীদ, রাকিব হাওলাদার, আফতাব হোসেন, আব্দুল কাইয়ুম ও আব্দুল আলীম।

মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৪ আসামি শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী বছরের ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

গত বছরের ২৭ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের গেটে নির্বাচন বানচালের দাবিতে আসামিরা পরস্পর যোগসাজসে বোমা হামলা ঘটান বলে উল্লেখ করে শেরেবাংলানগর থানার এসআই রাজু আহমেদ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৫ জনের নামে মামলা করেন।

চলতি বছরের ৭ এপ্রিল এসআই মশিউর রহমান সাদেক হোসেন খোকা, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।