খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হীন চক্রান্ত: ফখরুল

 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ দায়েরকৃত মামলাকে হীন চক্রান্ত বলে অভিযোগ করেছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার এক বিবৃতিতে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এ ধরণের মিথ্যা মামলা দায়ের এই অবৈধ সরকার কর্তৃক গণতন্ত্রকে হত্যা করবার ও একদলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করার আরেকটি হীন চক্রান্ত। এ ধরণের বানোয়াট, ভিত্তিহীন এবং মিথ্যা মামলা খালেদা জিয়াকে অহেতুক হয়রানি এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার একটি অপকৌশল মাত্র। এই ধরণের মিথ্যা মামলা দিয়ে তার গণতন্ত্রের জন্য যে সংগ্রাম সেটিকে রোধ করা যাবে না। এই বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। অন্যত্থায় গণআন্দোলনের মধ্য দিয়ে এইসব চক্রান্তের সমুচিত জবাব দেয়া হবে।
অপর এক বিবৃতিতে মঙ্গলবার সকালে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে কোনো কারণ ছাড়াই ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় ্র নিন্দা জানান তিনি।