‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না’-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পুনঃবিবেচনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকির কাছে স্মারকলিপি প্রদান করেছেন ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক ও সমমান থেকে পাস করা শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার ৬ সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন।
একই দাবিতে আগামী শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের গণসমাবেশ করবেন তারা। এদিকে এই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাসদ ছাত্রলীগ ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। গতকাল দুপুরে ক্যাম্পাসে পৃথক-পৃথক এ কর্মসূচি পালন করে সংগঠন দু’টির নেতাকর্মীরা।