বিতর্ক এড়াতে কলকাতা চলচ্চিত্র উত্সবে শাহরুখকে প্রত্যাখ্যান!

বিতর্ক এড়াতে এবারে কলকাতা চলচ্চিত্র উত্সবে কোনো বাইরের স্পন্সর নেয়া হবে না। রাজ্য সরকারই পুরো অর্থায়ন করবে।
এমনিতেই দুই বাংলার চলচ্চিত্রের সাথে বলিউড তারকাদের মেলবন্ধনে আলাদা আকর্ষণ তৈরি হতো এই কনসার্ট নিয়ে। কিন্তু আইপিএলসহ বিভিন্ন কাজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুষ্ঠানে শাহরুখের ঘন ঘন আগমন নিয়ে সে দেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। দেশ, আনন্দবাজার পত্রিকাসহ বেশ কিছু মিডিয়া এ নিয়ে সমালোচনার ঝড় তোলেন। তাই এবারেও শাহরুখকেও আমন্ত্রণ জানাবে না কলকাতা। যথারীতি ১০ নভেম্বর থেকেই শুরু হতে চলেছে উত্সব। উল্লেখ্য গতবছর উত্সবে খরচ হয়েছিল প্রায় ৫ কোটি টাকা।
এই প্রথম কলকাতা চলচ্চিত্র উত্সবে চালু হচ্ছে পুরস্কার। মোট পুরস্কারমূল্য ২ কোটি টাকা। যে সব ছবি দেখানো হবে, সেগুলো থেকেই পুরস্কারের যোগ্য ছবি বেছে নেওয়া হবে। বাছাই করবে একটি জুরি বোর্ড।
সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীকে পুরস্কৃত করা হবে। তবে শাহরুখের ফ্যানদের মন খারাপ হতেই পারে। কারণ, এবার উত্সব উপলক্ষে সম্ভবত কলকাতায় আসবেন না বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিং খান। তবে উত্সবের আকর্ষণ অটুট রাখতে মাধুরী দীক্ষিতকে আনার তোড়জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলাদেশের একাধিক চলচ্চিত্রও এই উত্সবে যথারীতি প্রদর্শিত হবে।