হেফাজতের তিন মামলাসহ মোট আটটি মামলায় বিএনপির পাঁচ শতাধিক নেতা কর্মী হাজিরা দিয়েছেন আদালতে।
বুধবার সকাল সাড়ে ১০টায় তারা ঢাকার সিএমএম আদালতে এই হাজিরা প্রদান করেন। হাজিরাপ্রদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বরকত উল্লাহ ভুলু, আ স ম হান্নান শাহ ও আব্দুস সালাম।
আটটি মামলার মধ্যে ছিল মতিঝিল থানার ৩টি, রমনা থানার ২টি এবং পল্টন, সূত্রাপুর ও কলাবাগান থানার একটি করে মামলা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আট মামলার মধ্যে ৫টিতে আসামি। তিনি বুধবার আদালতে হাজির না হওয়ায় তিনটি মামলায় সানাউল্লাহ মিয়া আইনজীবী হিসেবে ফখরুলের হাজিরা প্রদান করেন। অপর দুই মামলায় সময়ের আবেদন করা হয়।
অ্যাডভোকেট জয়নাল আবেদিন মেজবাহ জানান, ম্যাজিস্ট্রেট সময়ের আবেদন মঞ্জুর করে হেফাজতের ৩ মামলায় এবং সুত্রাপুর ও পল্টন থানার মামলায় আগামি ২৪ নভেম্বর পরবর্তী হাজিরার জন্য দিন নির্ধারণ করেছেন।
এছাড়া রমনা থানার দুটি মামলায় ২ ডিসেম্বর এবং কলাবাগান থানার মামলায় ১৮ নভেম্বর হাজিরার জন্য দিন ঠিক করা হয়েছে।