খালেদা জিয়া ও ফখরুলের পদত্যাগ করা উচিত: হাছান মাহমুদ

 
 
 
 
 
ব্যর্থতার দায় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পদত্যাগ করার পরামর্শ দিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়ে নিজের বাড়ির সামনে এক শ নেতা-কর্মীকেও জড়ো করতে পারেননি। আর তার দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ নিজ দলের কর্মীদের হাতে কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। তাদের দ্বারা কর্মসূচি হবে না। তাই তাদের পদত্যাগ করে অন্যদের জায়গা করে দেয়া উচিত।’ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সরকার-বিরোধী কটূক্তির’ প্রতিবাদে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
‘আওয়ামী লীগ পাকিস্তানি বাহিনীর চেয়েও খারাপ’ মর্মে সম্প্রতি খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আপনি বাংলায় ফেল করলেও উর্দুতে ঠিকই পাস করেছেন। আপনি যে উর্দুকে ভালোবাসেন এটাই তার প্রমাণ। আওয়ামী লীগকে নিয়ে আপনি যেটা বলেছেন, সেটা আপনার ক্ষেত্রেই প্রযোজ্য। ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করতে শুধু পাকবাহিনী নয়, ইসরায়েলি বাহিনীর চেয়ে হিংস্র ছিলেন আপানারা।’
খালেদা জিয়ার উদ্দেশে প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘জনগণ বর্তমান সরকারের সঙ্গে আছে, বিশ্ব সম্প্রদায়েরও এ সংসদের প্রতি আস্থা রয়েছে। তাই সরকার-বিরোধী ষড়যন্ত্র করলে জনগণ ক্ষমা করবে না। আন্দোলনের নামে আবার অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করা হলে জনগণই আপনাদের নিজ গৃহেই তালাবদ্ধ করে রাখবে।’
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক হাসিবুর রহমান মানিক প্রমুখ।