হলমার্কের চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল

 
 
 
সম্পদ বিবরণী দাখিল না করায় রমনা থানার দুর্নীতির মামলায় হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ঢাকার দুর্নীতি দমন কমিশনের আইনের ২৬(২) ধারায় বর্ণিত অপরাধে প্রস্তুত চার্জশিটটি সিএমএম আদালতে দাখিল করেন দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। চার্জশিটে ৭ জনকে সাক্ষী করা হয়েছে।
চার্জশিটে মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ আদালতের কাছে জেসমিন ইসলামের প্রতি গ্রেফতারি পরোয়ানা, ক্রোক ও হুলিয়া জারির আবেদন করেছেন।
গত ১২ ডিসেম্বর দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদিন ঢাকার রমনা থানায় এ মামলাটি দায়ের করেছিলেন।
এর আগে গত ১৯ অক্টোবর বিকালে এ মামলার চার্জশিট অনুমোদন দেয় দুদক।
মামলার অভিযোগে জানা যায়— গত ১৩ নভেম্বর হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে ৭ দিনের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নির্দেশ দেয় দুদক।
দুদকের নোটিস পেয়ে আসামি জেসমিন তার আইনজীবী আফাজুল হকের মাধ্যমে সম্পদের হিসাব বিবরণী দাখিলের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন। দুদক আরো ৭ দিন সময় বাড়িয়ে দেয়। কিন্তু এর পরও জেসমিন ইসলাম আদালতে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় গত ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক।

আদালতে দুদকের জিআরও গোপালচন্দ্র মণ্ডল সাংবাদিকদের জানান— আগামী ৩ ডিসেম্বর মামলাটির তারিখ ধার্য আছে। তার আগেই মামলাটি বিচারের জন্য ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হকের আদালতে পাঠানো হবে।