বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) হুমকি দিয়ে বলেছে, সরকার গ্যাস, বিদ্যুত্, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে না আসলে সারাদেশে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস, বিদ্যুত্, ডিজেল, কেরোসিনের অযৌক্তিক দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুমকি দেন সিপিবি ও বাসদ নেতারা।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, গত বছরের জুন থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত গ্যাস খাতে লাভ হয়েছে ৭৫২ কোটি টাকা। এতো টাকা লাভ হওয়ার পরেও লুটেরাদের পকেট ভারি করার জন্য সরকার গ্যাসের দাম ১২২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি বিদ্যুত্, ডিজেল, কেরোসিনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। তাই দাম বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রয়োজনে হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।
বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জমানের সভাপতিত্বে সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহীন হোসেন প্রিন্সসহ বাসদ ও সিপিবির নেতারা উপস্থিত ছিলেন।