বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ নীলফামারীতে ২০ দলীয় জোটের জনসভায় ভাষণ দেবেন। সেই উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে গতকাল বুধবার রাতে তিনি বগুড়ায় পৌঁছেছেন।
এর আগে বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর গুলশান বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বিএনপি নেত্রী বগুড়ার উদ্দেশে যাত্রা করেন। টঙ্গী, গাজীপুর, চন্দ্রা, টাংগাইল, বঙ্গবন্ধু সেতু পেরিয়ে সিরাজগঞ্জ, নাটোর হয়ে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। বিভিন্ন স্থানে রাস্তার দু’ধারে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। বিশেষ করে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর বগুড়া পর্যন্ত বিভিন্ন স্থানে নেতাকর্মীদের স্লোগানমুখর শোডাউন ছিল চোখে পড়ার মত। সড়কের বিভিন্ন স্থানে তোরণ, ফেস্টুন ও জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিভিন্ন আকৃতির প্রতিকৃতি দিয়ে সাজানো হয়।