সরকারি চাকরিজীবীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর পরিকল্পনা

 সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুচিকিত্সা নিশ্চিত করতে সকলকে একটি সমন্বিত স্বাস্থ্য বীমার আওতায় আনার প্রস্তাব করবে পে কমিশন। এই বীমার আওতায় কর্মকর্তা বা কর্মচারীদের চিকিত্সা, দুর্ঘটনা বা মৃত্যু পরবর্তী সুবিধা দেয়া হবে। তাদের পরিবারের সদস্যরা এর আওতায় স্বাস্থ্যসেবা পাবেন। এজন্য কর্মকর্তা বা কর্মচারী প্রত্যেককে স্বাস্থ্য কার্ড দেয়া হবে। পে অ্যান্ড সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ ফরাসউদ্দিন গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে দেখা করে একথা জানান।
কমিশনের চেয়ারম্যান জানান, প্রস্তাবনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা আগের মতোই মূল বেতনের সাথে চিকিত্সা ভাতা উত্তোলন করবেন। এছাড়াও প্রত্যেকের জন্য সরকার প্রতি মাসে নির্দিষ্ট হারে বীমার প্রিমিয়াম নির্দিষ্ট একটি ফান্ডে প্রদান করবে। কর্মচারী কল্যাণ ফান্ডের ন্যায় এই ফান্ড থেকে স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে।
স্বাস্থ্যমন্ত্রী প্রস্তাবনার বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। এ সময় তিনি জানান, দরিদ্রদের চিকিত্সা নিশ্চিত করতে সরকার দেশে স্বাস্থ্য বীমা চালু করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে টাঙ্গাইলের তিনটি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠী, গার্মেন্টস কর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ সুবিধা দিতে পাইলট প্রকল্প কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।