নাটোরে দুর্ঘটনা: দায়ী ৩ বাসমালিক চালক হেলপার

নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় তিনটি বাসের মালিক, চালক ও তার সহকারীকে দায়ী করে প্রতিবেদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের তদন্ত কমিটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়। 
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই ঘটনায় প্রকৃত দোষী অথৈ পরিবহন, কেয়া পরিবহন, হানিফ পরিবহনের মালিক, চালক ও হেলপার। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়, কেয়া পরিবহনের চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা গাড়ির গতি ও স্থান লক্ষ্য না করে একটি ট্রাককে ‘ওভারটেক’ করতে গেলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত যাত্রীরা রাস্তায় পড়ে ছিলেন। তাদের চাপা দিয়েই হানিফ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে চলে যায়। এর ফলে হতাহতের সংখ্যা আরো বেড়ে যায়। 
গত সোমবার নাটোরের বড়াইগ্রামে ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহনের বাসটির সঙ্গে নাটোর শহর থেকে গুরুদাসপুরমুখি অথৈ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ৩৬ জন মারা গেছেন।